চরফ্যাশনে ছাত্রদল নেতা রাজ্জাক হত্যার ১০ম বার্ষিকী পালিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

দোয়া মোনাজাত, কবর জিয়ারত ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক হত্যার ১০ম বার্ষিকী পালিত হয়েছে চরফ্যাশনে। এছাড়া ২৬ সেপ্টেম্বর বিকালে উপজেলা ছাত্রদল আয়োজিত স্মরণসভায় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এদিন আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সকল নেতাকর্মী দলীয় কার্যালয়ে এসে মিলিত হন। সেখান থেকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। চরফ্যাশন পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়। বাদ মাগরি উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় ছাত্রদল নেতা আলি মুর্তজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, সাবেক মেয়র আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, এডভোকেট সিদ্দিক, সাবেক ছাত্রদল নেতা রিয়াজ সিকদার,উপজেলা ছাত্র নেতা মো: তারেক প্রমুখ।

বক্তৃতায় বলেন, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তারা এখনো প্রশাসনের নাকের ডগায় চলাফেরা করছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের লালিত গুন্ডাবাহিনী ছাত্রলীগ নেতা লোকমান মাতাব্বরের নেতৃত্বে সাবেক ছাত্রলীগ নেতা ইউসুফ হোসেন ইমন,মিজানুর রহমান মঞ্জু, আলামিন মুন্সী, সাহিন সিকদার, জসিম, নুরুল ইসলাম সহ প্রায় অর্ধশত আওয়ামী গুন্ডা চরফ্যাশন সদর থেকে গিয়ে আব্দুর রাজ্জাককে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

বক্তারা দ্রুত তাদেরকে গ্রেফতার করে হত্যার বিচার দাবি করেন।

স্মরণসভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আছলামী। বিক্ষোভ ও স্মরণ সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top