নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় বরিশালের মেহেন্দীগঞ্জের একই পরিবারের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বর্তমানে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থানরত জেলা আমীরের পক্ষে বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক প্রকাশ করেন জেলা জামায়াতের প্রচার বিভাগের সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ।
মাওলানা আবদুল জব্বার পবিত্র মদীনা মুনাওয়ারায় অবস্থানকালে নিহত সোহেলের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার নিখোঁজ পিতা মিরাজ ফকিরের দ্রুত সন্ধান কামনা করে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহত সোহেলের অন্তঃসত্ত্বা স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
বিবৃতিতে জেলা আমীর বলেন, এমন মর্মান্তিক দৃশ্য সহ্য করা কঠিন। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।




