গৌরনদীতে মাদরাসা ভবনে রাতের আধাঁরে ঢালাই, পুননির্মাণের নির্দেশ ইউনওর

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার গরঙ্গল দাখিল মাদরাসার চারতলা ভবন নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ মিলেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি সরেজমিনে গিয়ে অনিয়মের সত্যতা নিশ্চিত করেন। তিনি ভবনের রেলিং ও ফ্লোরের ত্রুটিপূর্ণ অংশ অপসারণ করে পুননির্মাণের নির্দেশ দেন । এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ২০১৮ সালে ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণকাজ পায় মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ। কার্যাদেশ পাওয়ার পর একাধিকবার সময়সীমা বাড়িয়ে বর্তমানে ভবনের ছাদ ও দেয়াল নির্মাণ সম্পন্ন হলেও প্লাস্টারসহ অনেক কাজ বাকি রয়েছে।

কাজের নকশা ও শিডিউল অমান্যকরে, রাতের আধারে ঢালাই কাজ সম্পন্ন করার অভিযোগ করে এলাকাবাসী। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ রেজা হাসান রাহাদ জানান, নকশা অনুযায়ী প্রতিটি রেলিংয়ে ১০ পর পর ৪টি রড বসানোর কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি মাত্র ২টি রড ব্যবহার করেছে। এছাড়া নিচতলার ফ্লোরে শিডিউলের তুলনায় ২/৩ গুণ বেশি ফাঁকা রেখে রড বসানো হয়েছে।

বিষয়টি গৌরনদী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রকৌশলী মো: মানজিল আলমকে একাধিকবার জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। অবশেষে গৌরনদী উপজেলা ইউএনওর কাছে লিখিত অভিযোগ করা হয়। অনিয়ম ও ত্রুটিপূর্ণ কাজে ভবনের কাঠামো দুর্বল হয়ে যেকোনো সময় ফাটল বা দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

অভিযোগের ভিত্তিতে ইউএনও ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলীরা সরেজমিনে পরিদর্শন করে অনিয়মের সত্যতা নিশ্চিত করেন এবং ত্রুটিপূর্ণ অংশ ভেঙে পুননির্মাণের নির্দেশ দেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top