নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার কামারখালীতে যুব র্যালী ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িয়াল ইউনিয়ন শাখার যুব বিভাগ। মঙ্গলবার বিকেলে দাড়িয়াল ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে একটি বর্নাঢ্য র্যালি কামারখালী বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম, বরিশাল জেলা যুব বিভাগের সভাপতি নুরুল হক সোহরাব, বাকেরগঞ্জ উপজেলা যুব বিভাগের প্রধান মেহেদি হাসান শাওন, ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সেক্রেটারি সাইয়েদ আহমেদ, দাড়িয়াল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি ফরহাদ হোসেন তাজ, সহসভাপতি কারি আলতাফ হোসেন খান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জামায়াত, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের দাড়িয়াল ইউনিয়ন শাখার একাধিক নেতা উপস্থিত ছিলেন মঞ্চে।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, যুবকরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। তারা জুলাইয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে মুক্তি এনে দিয়েছে তা কাজে লাগিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে।
মাওলানা মাহমুদুন্নবী আরো বলেন, আমরা এমন একটি বাকেরগঞ্জ গড়তে চাই যেখান ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি থাকবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে অন্যায় করবে না, কাউকে অন্যায় করতে দেবে না।
তিনি আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।




