গণহত্যার বিচারের পর নির্বাচন দিতে হবে : রফিকুল ইসলাম খান

বরিশাল জার্নাল ডেস্ক : গণহত্যার বিচারের পর নির্বাচন দিতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘শহীদদের যথাযথ মর্যাদা দেয়ার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের চেতনার বাস্তবায়ন করা হবে। গণহত্যার সাথে জড়িতরা এখনো দেশের ভেতরে ঘাপটি মেরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছে। তাদেরকে দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘সংস্কার দ্রুততম সময়ে শেষ করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মহানগরীতে চব্বিশের রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলীর সভাপতিত্বে জামায়াতের রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ও অধ্যাপক শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী মহানগরীর আহ্বায়ক এরশাদ আলী ঈশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মাইন উদ্দিন, জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, নাটোর জেলা আমির মীর নুরুল ইসলাম।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা, পেশাজীবী নেতারা ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দু’হাজারেরও অধিক ছাত্র-জনতা জীবন দিয়েছেন। ৩৮ হাজার মানুষ রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন। তাই ১৮ কোটি মানুষের দাবি, এই গণহত্যার বিচার সবার আগে সম্পন্ন করতে হবে।’

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ভেতরে বাইরে এখনো ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে। তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনুন। আপনারা (অন্তর্বর্তী সরকার) ক্ষমতায় বসেননি, আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে। আপনারা খুব আরামে আছেন। কিন্তু শহিদ পরিবারগুলো কীভাবে আছে সেই খোঁজ আপনারা যথাযথভাবে রাখছেন না। জাতি কিন্তু সবই দেখছে, ফলে শহীদ ও আহত পরিবারের দেখভাল করা ও তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। আর ভবিষ্যতে যেন এদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, এ ব্যাপারে সজাগ থাকতে হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top