মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে মানিকার হাট বাজারে তৌহিদি জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) আসরের নামাজের পর এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল থেকে বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে ফিলিস্তিনি হামলার প্রতিবাদ জানানো হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা মাওলানা নূরুল কারীম বলেন, এই ফিলিস্তিন মুসলমানদের কলিজার টুকরো। এখানেই রয়েছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আ:) এর কবর। হযরত আইয়ুব (আ:) এর কবর। হযরত লুত (আ:) এর কবর। হযরত সোলাইমান (আ:) এর কবর। এই আকসা মুসলমানদের প্রথম কিবলা। এখানেই ইমাম মাহাদীর আগমন হবে। এই ফিলিস্তিনেই হযরত ঈসা (আ:) এর আগমন হবে। এখানেই দাজ্জাল কে হত্যা করা হবে। অতএব এই ফিলিস্তিনের বুকে আঘাত করার মানে হচ্ছে গোটা মুসলিম উম্মার বুকে আঘাত করা।
তিনি বলেন, গোটা পৃথিবী যখন ইসরাইলের বিরোধিতা করছে তখন প্রতিবেশী রাষ্ট্র ভারত ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে। অতএব আগামী দিনে কোন ব্যক্তি বা দল যদি ভারতের দালালি করার চেষ্টা করে তাহলে তাদেরকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করতে তৌহিদী জনতা বাধ্য হবে।




