এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও সন্ত্রাস-চাঁদাবাজবন্ধসহ বিভিন্ন দাবিতে মেহেন্দিগঞ্জে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার চানপুর ইউনিয়নের একতা বাজার মসজিদ মাঠে সালাউদ্দিন বিশ্বাস এর সভাপতিত্বে এই গণসমাবেশের আয়োজন করেছেন সংগঠনটির চানপুর ইউনিয়ন শাখা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশর কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মুফতী এছহাক মোহাম্মদ আবুল খায়ের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী আনন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি সুলতান আহমদ বেপারী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতী ইমরান হোসেন আনসারী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকে ইসলামী আন্দোলনের সমর্থকরা বিভিন্ন এলাকা থেকে মিছিলে মিছিলে সভাস্থলে এসে উপস্থিত হয়। এতে সমাবেশস্থল সহ আশপাশ লোকে লোকারন্য হয়ে যায়।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার করতে হবে। মেহেন্দিগঞ্জকে সন্ত্রাস চাঁদাবাজমুক্ত গড়তে হবে। এছাড়া সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।




