নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিং বডির সদস্যদের সঙ্গে শিক্ষক ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আ.ন.ম. মোঃ আব্দুল হালিম।
সভায় প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সাবেক সভাপতি ও শিক্ষা অনুরাগী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেসা শিরিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রাক্তন ছাত্রী, নারী উদ্যোক্তা এবং এভার গ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক। উল্লেখ্য, তিনি সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সহধর্মিণী।
গত ২২ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক আদেশে মেহেরুন্নেসা শিরিনকে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
মতবিনিময় সভায় নবনির্বাচিত সভাপতি মেহেরুন্নেসা শিরিন কলেজের সার্বিক উন্নয়ন ও গুণগত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকবৃন্দের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে শিক্ষকরা কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের মঙ্গলে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় নবগঠিত গভর্নিং বডির অন্যান্য সদস্য, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।




