বানারীপাড়ায় সমন্বিত খামার ও বায়োগ্যাস প্রযুক্তি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

 

বানারীপাড়া প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)-৩ পর্যায় (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে সোমবার।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। শুরুতেই সভাপতির সূচনা বক্তব্যে তিনি এ প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সবার সামনে উপস্থাপন করেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান। তিনি তার বক্তব্যে যুব প্রশিক্ষণার্থীদের বলেন, প্রশিক্ষণ হলো, এমন একটি বিষয় যা পড়াশোনা ও ব্যবহারিক অভিজ্ঞতার মধ্যবর্তী শূন্যস্থানকে পূরণ করে। সুতরাং আমাদের যুব সমাজের উচিত এই দক্ষতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট হওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বানারীপাড়া পৌর আমির কাওসার হোসাইন বলেন, আমরা যে সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত একটি বাংলাদেশের স্বপ্ন দেখি তা বাস্তবায়নের জন্য এই তরুণ যুব সমাজকে আবশ্যিকভাবে বিভিন্ন কাজের দক্ষতা অর্জন করতে হবে এবং সে অনুযায়ী নিজেকে পরিচালিত করে সাবলম্বী হতে হবে। পাশাপাশি তিনি সমাজ পরিবর্তনের জন্য প্রশিক্ষণার্থীদের কিছু ধর্মীয় ও নৈতিক বিষয়েও দিকনির্দেশনা দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top