মুলাদী প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে ‘অপপ্রচারের বিরুদ্ধে’ প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মুলাদী উপজেলা জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জামায়াতের মুলাদী উপজেলা আমির মাও: আবু সালেহ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বৃহস্পতিবার মুলাদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) সমাবেশে কিছু ব্যক্তি দলটিতে যোগদান করেন। সেখানে যোগদানকারীদের জামায়াতের নেতা-কর্মী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। যদিও তা কোনভাবেই সত্য নয়।
উপজেলা জামায়াতের আমির বলেন, ভিডিওতে যাদেরকে ইসলামী আন্দোলনে যোগদান করতে দেখা গেছে কিংবা যাদের নাম ঘোষণা করা হয়েছে- তাদের কেউ জামায়াতে ইসলামীর জনশক্তি নয়, অতীতেও কখনো ছিলেন না। জামায়াতে ইসলামী কিংবা তার কোন অঙ্গ-সংগঠনের পদ-পদবীতে উক্ত ব্যক্তিরা কখনো ছিলেন না। এমনকি সংগঠনের প্রাথমিক জনশক্তি তালিকাতেও তাদের নাম নেই।
মাও: আবু সালেহ আরো বলেন, আমরা এ ধরণের ভুল তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানাই। জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের সংগঠনে হুট করে যোগদান কিংবা পদত্যাগের কোন সংস্কৃতি নেই।
একই সাথে সকল রাজনৈতিক দলকে এ ধরণের তথ্য প্রচারের বিষয়ে সতর্ক হওয়ার অনুরোধ করেন তিনি।




