বরিশাল জার্নাল ডেস্ক
কেপিজে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তামিম ইকবাল এখন আছেন এভারকেয়ার হাসপাতালে। হার্ট অ্যাটাকের ধকল কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে তামিম এখন তাঁর পুরোনো অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেননি। বৃহস্পতিবার চিকিৎসক জানিয়েছেন, ধূমপানের অনুমতি চাইছেন তিনি। তবে বাংলাদেশের তারকা ক্রিকেটারের স্বাস্থ্যের ক্ষতির কথা চিন্তা করে কিছুতেই ধূমপানের অনুমতি দেননি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকেরা।
আগের চেয়ে ভালো হলেও তামিমের ঝুঁকিটা এখনো রয়েই গেছে বলে মনে করছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার। হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘তাঁর রিস্ক ফ্যাক্টরগুলোয় ঝুঁকি থাকবে। তামিম ধূমপায়ী। তাঁকে ধূমপান ছাড়তে হবে। ধূমপান হঠাৎ করে ছাড়তে পারবে না। সে বলছিল ভেপের কথা। আমি বলেছি, ভেপও নিতে পারবে না। ভেপে ক্যানসারের ঝুঁকি থাকে। তারপর সে বুঝল। তামিম সিগারেট খেতে চাচ্ছে। আমরা সিগারেট খাওয়ার অনুমতি দিচ্ছি না।’
তবে প্রকাশ্যে একজন রোগীর ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ্যে আনায় চিকিৎসকেরা যথেষ্ট সমালোচিতও হচ্ছেন।
সোমবার বিকেলে মোহামেডান-শাইনপুকুর ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। দ্রুতই তাঁকে সাভারের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। তার চাচা আকরাম খান বলেছেন, ‘তামিমের অসুস্থতার খবর শুনে যে ভয় পেয়েছিলাম, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সত্যি কথা বলতে, যখন আমি খবরটা পেয়েছিলাম, ভীষণ দুঃসংবাদ ছিল। আমাকে বলা হয়েছিল, তামিম আর নেই।’
শঙ্কা কেটেছে, তবে তামিমের পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরতে এখনো সময় লাগবে। তাঁর চাচা আকরাম বলেছেন তামিমকে দেশের বাইরে নেওয়ার চিন্তা আছে তাঁদের, ‘আগামী দু-তিন দিন যদি অবস্থা স্থিতিশীল থাকে, তাহলে তাকে বাসায় নেওয়া হবে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনাও আছে।’




