পাকিস্তান সুপার লিগে দল পেলেন শরিফুল

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। টুর্নামেন্টের একাদশ আসর সামনে রেখে সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি সরাসরি চুক্তিতে দলে নিয়েছে এই টাইগার পেসারকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার (১৬ মার্চ) একটি ব্যতিক্রমধর্মী অ্যানিমেটেড পোস্টারের মাধ্যমে শরিফুলকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় জালমি। সেখানে তাকে ‘বেঙ্গল টাইগার’ আখ্যা দিয়ে সিংহাসনে বসা অবস্থায় উপস্থাপন করা হয়।

পেশোয়ার তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, শরিফুলের অন্তর্ভুক্তিতে তাদের ‘ইয়েলো স্টর্ম’ আরো শক্তিশালী হয়েছে, এই এক্সপ্রেস পেসার হলুদ জার্সিতে মাঠে গতির ঝড় তুলতে প্রস্তুত। 

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে ওঠেন শরিফুল। এখন পর্যন্ত দেশের হয়ে ১৪টি টেস্ট, ৪০টি ওয়ানডে ও ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে তার ধারাবাহিকতা নজর কাড়ার মতো।

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে পিএসএলের নতুন আসর, যা নানা কারণে বিশেষ গুরুত্ব বহন করছে।

এবারই প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের ছয়টি ভেন্যুতে। বাবর আজমের নেতৃত্বে ২৮ মার্চ নিজেদের শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে পেশোয়ার জালমি। 

দলের স্কোয়াডে আরো রয়েছেন মাইকেল ব্রেসওয়েল, জেমস ভিন্স ও কুশল মেন্ডিস। একই দলে শরিফুলের সতীর্থ হিসেবে খেলবেন বাংলাদেশের আরেক উদীয়মান পেসার নাহিদ রানা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top