পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

বরিশাল জার্নাল ডেস্ক

গত দুইদিনের সবচেয়ে আলোচিত খবর- তামিম ইকবাল বিসিবি থেকে পদত্যাগ করবেন। খবরটি এমনভাবে প্রকাশিত, উপস্থাপিত ও চাউর হয়েছে, যা দেখে ও শুনে মনে হচ্ছে বিসিবির আহ্বায়ক কমিটির প্রধান বা সভাপতি পদ থেকে শিগগির পদত্যাগ করবেন তামিম ইকবাল।

তবে জাগো নিউজ গতকালই তামিম ইকবালের খুব কাছের কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলে জেনেছে, তামিম পদত্যাগ করছেন না। এটা ‘গুজব, প্রোপাগান্ডা।’ এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয় বুধবার রাতেই।

এবার তামিম ইকবাল নিজেই নিশ্চিত করলেন, তিনি পদত্যাগ করছেন না। বিসিবির অ্যাডহক কমিটিতে এক মাসের মধ্যে নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তামিম বলেন, ‘আগামী ৩ মে বোর্ড মিটিং। সেখানে বিসিবির নির্বাচন নিয়ে আলোচনা করব। সাধারণত বিসিবির নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হলে এক মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঠিক হয়ে যায়। আশা করি আমরাও ৩ মে থেকে এক মাসের মধ্যে নির্বাচন করব। নির্বাচনের যে তারিখ বেঁধে দেওয়া আছে, তার কমপক্ষে ১৫ দিন আগে নির্বাচন করব। আর আমি পদত্যাগ করছি না। এমন কোনো চিন্তাও আমার মাথায় নেই।’

ক্রিকেটপাড়া ও ক্রিকেটভক্তদের মধ্যে একটি ধারণা আছে যে, বিসিবির আহ্বায়ক কমিটির সদস্য থেকে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন করা যাবে না। তাই আগে আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করতে হবে।

তবে জাগো নিউজ সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছে যে, বিসিবির গঠনতন্ত্র এবং জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্রের কোথাও এমন কথা লেখা নেই যে আহ্বায়ক কমিটিতে থেকে বিসিবি পরিচালনা পর্ষদে নির্বাচন করা যাবে না।

অবশেষে তামিম ইকবাল নিজেই খোলাসা করলেন, পদত্যাগ না করেই বিসিবির নির্বাচন দেবেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top