টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার

বরিশাল জার্নাল ডেস্ক

বাঁ-হাতি পেসার স্পেনসার জনসনের বোলিং নৈপুন্যে এক ম্যাচ বাকী রেখেই পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজ জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ১৩ রানে হারিয়েছে পাকিস্তানকে। সিরিজের প্রথম ম্যাচে ২৯ রানে জয় পেয়েছিলো অসিরা। বল হাতে ২৬ রানে ৫ উইকেট নেন জনসন।

সিডনিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ম্যাথু শর্ট ১৭ বলে ৩২, ডেভিড ১৯ বলে ১৮ ও হার্ডি ২৩ বলে ২৮ রান করেন। পাকিস্তানের রউফ ২২ রানে ৪টি, আব্বাস ৩টি ও মুকিম ২ উইকেট নেন।

জবাবে ১৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার বাবর আজম ৩ ও তিন নম্বরে নামা শাইবজাদা ফারহান ৫ রানে ফিরেন।

এরপর তৃতীয় উইকেটে সাবধানে খেলে ৩৯ বলে ২৭ রানের জুটি গড়েন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও উসমান খান। দশম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেন জনসন। ২৬ বলে ১৬ রান করা রিজওয়ানের পর আগা সালমানকে খালি হাতে বিদায় করেন জনসন।
৪৪ রানে ৪ উইকেট পতনের পর অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়াও হয়ে ৩৫ বলে ৫৮ রানের জুটি গড়েন উসমান ও ইরফান খান। এই জুটিতে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান উসমান।

দলীয় ১০২ রানে পঞ্চম ব্যাটার হিসেবে উসমানকে শিকার করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান জনসন। ৪টি চার ও ১টি ছক্কায় ৩৮ বলে ৫২ রান করেন উসমান। এরপর ১০৭ রানে পৌঁছাতেই অষ্টম উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে পাকিস্তান।

এক প্রান্ত আগলে পাকিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রাখেন ইরফান। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে ২৮ বলে ৩৭ রানের অনবদ্য ইনিংসেও দলের হার এড়াতে পারেননি ইরফান। ২ বল বাকী থাকতে ১৩৪ রানে অলআউট হয় পাকিস্তান।

অস্ট্রেলিয়ার জনসন ২৬ রানে ৫ উইকেট নেন। ৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। ২০১৬ সালের পর পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার কোন বোলার টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিলেন।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১৮ নভেম্বর হোবার্টে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top