হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন : এক মাসের সময় দিল ট্রাইব্যুনাল

বরিশাল জার্নাল ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে দাখিলে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সোমবার এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী। একইসঙ্গে জনাকীর্ণ ট্রাইব্যুনালে  শুনানিতে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেয়া হয়।

জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগার থেকে আজ কড়া নিরাপত্তায় বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ড. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক মন্ত্রী, উপদেষ্টাসহ ১৪ জনকে হাজিরে গত ২৭ অক্টোবর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

এর মধ্যে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক অন্য মামলায় রিমান্ডে থাকায় আজ তাকে হাজির করা সম্ভব হয়নি। তাদের সকলকে ট্রাইব্যুনালে আনা অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে এবং পরবর্তী ধার্য তারিখে আসামিদের ট্রাইব্যুনাল হাজিরের আদেশ দিয়েছেন বলে সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্ট গনহত্যার  সুপিরিয়র রেস্পন্সিবিলিটি শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের উপযোগী তদন্ত রিপোর্ট দাখিলে আমরা দুই মাসের সময় চেয়েছিলাম। ট্রাইব্যুনাল এক মাসের সময় দিয়েছেন৷ আমরা আশা করছি শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইবুনাল শেখ হাসিনার গ্রেফতার প্রসঙ্গে জানতে চেয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে গণঅভ্যুত্থানে পালিয়ে গিয়ে তিনি ভারতে রয়েছেন। আমরা তাকে গ্রেফতারে ইন্টারপোলকে নোটিশ করেছি। ভারতের সাথে বন্দী বিনিময় চুক্তি রয়েছে সরকারের। সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেয়ার কথা আমরা জেনেছি।

চিফ প্রসিকিউটর বলেন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো বিগত সরকারের মন্ত্রী উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তিনি বলেন, আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনে যারা ফ্যাসিষ্ট, স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। ক্ষমতার দম্ভে দেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করে, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়েও ক্ষমতায় থাকা যায় না, এসব কার্যক্রমের জন্য বিচারের মুখোমুখি হতে হয় আজকের দিন সে শিক্ষা নেয়ার দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top