বরিশাল জার্নাল ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং গভর্ন্যান্স (সুশাসন) চালু করার জন্য জাতীয় সংসদ নির্বাচন জরুরি। সেক্ষেত্রে সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াও অযৌক্তিক। তবে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছেন না। কিন্তু চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, যা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে।
সাম্প্রতিক সময়ের জনগুরুত্বপূর্ণ বিষয়ে রোববার তিনি একটি জাতীয় দৈনিককে একান্ত সাক্ষাৎকার দেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেওয়া এ সাক্ষাৎকারে দেশের চলমান পরিস্থিতি, জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কারসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন বিএনপির মহাসচিব।
নির্বাচন ও সংস্কার ইস্যুতে মির্জা ফখরুল বলেন, বিএনপির অবস্থান খুব পরিষ্কার। আমরা জাতীয় সংসদ নির্বাচন খুব দ্রুত চাই। সংস্কারও চাই। সংস্কারের ব্যাপারে আমাদের প্রস্তাব লিখিতভাবে সংস্কার কমিশনে দিয়েছি। সেগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে। সেখানে আমাদের বক্তব্য পরিষ্কার করে দিয়েছি। খুব স্পষ্ট করে বলেছি, যে সংস্কারগুলোয় সব দল ঐকমত্য হবে, আমরা সেগুলোর চার্টারে (সনদ) স্বাক্ষর করতে রাজি আছি। যার ওপর ভিত্তি করে আমরা নির্বাচনের দিকে চলে যেতে পারি। বাকি সংস্কারগুলো নিয়ে নির্বাচিত সরকার সংসদে কথা বলবে।
নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করার কথা উঠে এসেছে কিছু বিশ্লেষকের বক্তব্যে। এটিকে কীভাবে দেখছেন- এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, বাংলাদেশের মৌলিক সংস্কার বিএনপির হাত দিয়েই শুরু হয়েছে। সবার আগেই ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের প্রস্তাব দিয়েছে বিএনপি। আমরা অনেকেই অনেক কিছু ভুলে যাই। একটু স্মরণ করিয়ে দিতে চাই, ২০১৬ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্র সংস্কারের ‘ভিশন-২০৩০’ দিয়েছেন। তাই সংস্কার কোনো নতুন বিষয় নয়। আমরা সংস্কারের প্রস্তাবনায় মতামত দিয়েছি। আমরা বলেছি, নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনটা হওয়ার প্রধানত দুইটি কারণ। একটি হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আরেকটা হলো গভর্ন্যান্স (সুশাসন) চালু করা।




