মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে ঘটেছে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। ছোট্ট অবুঝ শিশু, মাত্র আড়াই বছর বয়সের আল মাহমুদ চিরদিনের মতো পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সে স্থানীয় মো. রাসেলের ছেলে।
গত ১৯ এপ্রিল, শনিবার দুপুরে দুর্ঘটনার শিকার হন শিশু আল মাহমুদ। জানা যায়, ধানভর্তি বস্তা ভ্যানে করে বাড়িতে আনা হচ্ছিল। পরিবার-পরিজনের সঙ্গে শিশুটিও ছিল সেই ভ্যানে। পথিমধ্যে হঠাৎ করেই ভারসাম্য হারিয়ে উল্টে যায় ভ্যানটি, ধানের বস্তার নিচে চাপা পড়ে যায় নিষ্পাপ শিশুটির। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে একদিন যুদ্ধ করে ২০ এপ্রিল, রবিবার দুপুর ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছোট্ট আল মাহমুদ।
একটি প্রাণভরা হাসি, একটি মায়াভরা মুখ, একটি অকাল ঝরে যাওয়া ফুল—সবকিছু থেমে গেল চিরতরে। শিশুটির মৃত্যুর খবরে গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।



