মা-ছেলের আবেগঘন সাক্ষাৎ

বরিশাল জার্নাল ডেস্ক:  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি, সাথে কিছুটা বৃষ্টি মাথায় নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান তার মাতৃস্নেহ বঞ্চিত সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ডা. জুবাইদা রহমান। এর মাধ্যমে প্রায় সাড়ে সাত বছর পর সাক্ষাৎ হলো মা-ছেলের।

বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে) খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মা বেগম জিয়াকে দেখেই জড়িয়ে ধরেন আবেগাপ্লুত ছেলে তারেক রহমান। দেশনেত্রী পরিচয় কিছু সময়ের জন্য পেছনে ফেলে বেগম জিয়া হয়ে ওঠেন মমতাময়ী মা। এ সময় বিমানবন্দরে উপস্থিত লোকজন বলতে শুরু করেন, ‘এ মিলন কত আকাঙ্ক্ষার, কত প্রত্যাশার তা ভাষায় বর্ণনা করা যাবে না। এ মিলনের উষ্ণতায় মাইনাস তাপমাত্রার লন্ডন হয়ে ওঠে উষ্ণ।’

এর আগে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top