বরিশাল জার্নাল ডেস্ক
হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাক্ষাৎকারটি প্রতিবেদন আকারে প্রকাশ করে টাইম ম্যাগাজিন।
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন; সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন; মানবাধিকার; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে টাইমের ওই প্রতিবেদনে।
ড. ইউনূস জানান, প্রত্যেককে সুষ্ঠু বিচার পাওয়া নিশ্চিত করা হবে এবং যারা হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য দায়ী, তাদের বিচার সম্পন্ন হলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বাগত জানানো হবে।
তিনি বলেন, ‘তারা অন্য যে কারও মতোই নির্বাচনে অংশগ্রহণের স্বাধীনতা ভোগ করবে। আমরা তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করব।’
তিনি আরও বলেন, ‘পূর্ববর্তী সরকার এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে দমন-পীড়ন, হত্যা, মানুষের গুম এবং প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হতো। এটি ছিল একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা’।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়েও মন্তব্য করেন ইউনূস। তিনি বলেন, ‘তিনি (হাসিনা) তো ভারতের আশ্রয়ে আছেনই, তবে এর চেয়ে খারাপ হচ্ছে তিনি কথা বলছেন, যা আমাদের জন্য অনেক সমস্যা সৃষ্টি করছে। তার কণ্ঠস্বর শুনে মানুষও খুব বিরক্ত হয়। তাই এটা আমাদের সমাধান করতে হবে।’
প্রতিবেদনে, সংবিধান সংস্কার প্রসঙ্গে বলা হয়, বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি সংসদীয় ব্যবস্থা বহাল থাকবে, সংসদ এককক্ষ বিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষবিশিষ্ট, এসব বিষয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এছাড়া, সংবিধান সংস্কারের বৈধতা নিশ্চিত করতে গণভোটের প্রয়োজন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এ প্রক্রিয়ায় দেশের বর্তমান কোনো রাজনীতিককে সম্পৃক্ত করা হয়নি।




