প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল জার্নাল ডেস্ক

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জের আদালতে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করা হয়েছে।

বুধবার (৬ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় এনজিও পিপলস অ্যাসিস্ট্যান্ট ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের (পাশা) নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির এ মামলা করেন।

আদালতের বিচারক মোছা. তানজিনা তানিন মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম ও হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন।

বাদীপক্ষের দাবি, এসব প্রতিবেদনের কারণে দেশ-বিদেশের দাতা সংস্থা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট মহলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সংস্থাটির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

একই সঙ্গে নির্বাচন কমিশন পর্যবেক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত করায় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়েছে। 

মামলায় আরো অভিযোগ করা হয়, প্রকাশিত সংবাদ ও সম্পাদকীয়তে সংস্থাটিকে ‘নামসর্বস্ব’, ‘নিজস্ব প্রকল্পবিহীন’ এবং ‘টাকার বিনিময়ে পর্যবেক্ষক কার্ড বিক্রির অভিযোগ রয়েছে’ বলে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি সংস্থার প্রধান কার্যালয়ের ছবি সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

বাদী অভিযোগ করেন, এ সব সংবাদের কারণে সংস্থাটির প্রায় ১০০ কোটি টাকার মানহানি হয়েছে দাবি করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল।

সন্তোষজনক জবাব না পাওয়ায় আদালতের শরণাপন্ন হন বাদী। মামলায় কয়েকজন স্থানীয় ব্যক্তি ও বিভিন্ন এনজিও প্রতিনিধিকে সাক্ষী করা হয়েছে। 

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. শহীদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top