বরিশাল জার্নাল ডেস্ক
ভোলায় বজ্রপাতে শাকিল (২২) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা বন্ধু তুহিন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় একটি গরুও মারা গেছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরগাজী গ্রামের গাছালীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের শেখ ফরিদ মিয়ার ছেলে। তিনি ভোলা শহরের আলতাজুর রহমান ডিগ্রি কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে আড্ডা দিচ্ছিলেন শাকিল ও তার বন্ধু তুহিন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয় এবং তুহিন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত তুহিনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই সময় কাছাকাছি থাকা একটি গরুও বজ্রপাতে মারা যায়।
ক্ষতিগ্রস্থ কৃষক ইউসুফ মিয়া জানান, দুপুরে ঘাস খাওয়ার জন্য বাড়ির পাশে গরুটিকে বেঁধে রাখি। এরপর হঠাৎ বজ্রপাতের একটি বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে পৌঁছে শাকিলের লাশ দেখত পাই। এরপর দেখি আমার গরুটিও মরে আছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো: মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ডেইলি ক্যাম্পাস




