নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান

বরিশাল জার্নাল ডেস্ক।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দু’টি টিম বাজারে অভিযান পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে।

আজ রোববার দুপুরে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ও গুলশান কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়। ঢাকা নিউমার্কেট কাঁচাবাজারে এ টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মেহেদী হাসান।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল,ডাল, ডিম ও মুরগীর বাজারে অভিযান চালানো হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি এক মুরগী ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গুলশান কাঁচাবাজারে বিভিন্ন অনিয়মের কারণে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মানসুরীন খান চৌধুরী।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top