সরকারি ব্যয়-বরাদ্দের হিসাব প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

বরিশাল জার্নাল ডেস্ক

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দ ও মানবিক সহায়তার ব্যয়ের পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে হিসাব বিবরণী ও সুবিধাভোগীদের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে শেয়ার করেন তিনি।

ফেসবুক পোস্টে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ডের প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।

তবে তিনি স্বীকার করেন যে, প্রয়োজনের তুলনায় বরাদ্দ সীমিত হওয়ায় সব দুস্থ মানুষকে এই তালিকার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। সরকারি বরাদ্দে ১ হাজার জন এবং ব্যক্তিগত উদ্যোগে ৫০০ জনসহ মোট ১ হাজার ৫০০ জন এই সহায়তার আওতায় এসেছেন।

নিরাপত্তার স্বার্থে প্রকাশিত তালিকায় উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল নম্বর আংশিক ঢেকে দেওয়া হলেও হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, প্রশাসনিক যেকোনো তদন্ত বা অনুসন্ধানের জন্য সব তথ্য উন্মুক্ত রাখা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে পোস্টে জানান । আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top