বরিশাল জার্নাল ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতকে বলতে চাই নির্বাচনে ডিস্টার্ব করতে আসবেন না। অনেক ব্যবসা আছে এখানে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।
শনিবার (৬ ডিসেম্বর) বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্পিরিটে আলোকিত পেশাজীবীদের সংগঠন ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব। ‘পাবলিক এবং প্রাইভেট উভয় সেক্টরে দলীয় দাস, পরিবারতন্ত্র, তৈলমর্দন; এসব ছিল চাকরি পাওয়ার মূল ক্রাইটেরিয়া।’
বাংলাদেশে যারা ব্যবসা করে তারা মাফিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে পাটওয়ারী বলেন, আমরা কোনো দলের কাছে সিট নিগোসিয়েশনে যাব না। সিট বণ্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না।
ছোট দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বড় দলগুলোর কাছে মাথা নত করবেন না। মেরুদণ্ড বিক্রি করবেন না। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্মের রাজনীতি এগুলো আর চলবে না। ভাঙা দিয়ে শুরু করেছি এখন গড়ার সময়।




