বরিশাল জার্নাল ডেস্ক
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলার ঘটনা ঘটে। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।
বাংলাদেশ দূতাবাস বৈরুত এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম।
এর আগে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা লেবাননে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
দূতাবাস জানিয়েছে, নিহত দুজনের মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। একই সঙ্গে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস।
এর আগে গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম নিহত হন।




