বানারীপাড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, পাল্টা হামলায় প্রতিপক্ষ আহত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলায় দলীয় অন্তর্কোন্দলের জেরে উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাব্বির রহমানকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা আলামিন পাল্টা হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেতাল গ্রামে বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে সাব্বির রহমানের কর্মী খোকনকে পূর্ব বিরোধের জেরে একই এলাকার সিকান্দার ফকিরের ছেলে আলামিন মারধর করেন। এ খবর পেয়ে সাব্বির রহমান ঘটনাস্থলে গিয়ে আলামিনকে খোঁজ করতে থাকেন। এ সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা আলামিন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় সাব্বির রহমানকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, ঘটনার পর আলামিন বেতাল গ্রামের বিএনপির একটি দলীয় ক্লাবে অবস্থান নিলে সাব্বির রহমানের সমর্থকরা সেখানে গিয়ে পাল্টা হামলা চালায়। এতে আলামিনকে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top