দিল্লির আধিপত্যবাদের কালো থাবা আবার ভর করছে : গোলাম পরওয়ার

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আবারো কালো মেঘ দেখা যাচ্ছে। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা কোনো কোনো রাজনৈতিক নেতার ওপর ভর করছে। তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের সুর দিচ্ছেন। দীর্ঘ পনের বছরের ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যখন একটি নতুন বাংলাদেশের যাত্রা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তখনই নতুনরূপে আধিপত্যবাদ বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। দেশের ইসলামী শক্তিকে আলাদা করারও ষড়যন্ত্র চলছে।

রোববার (২৩ মার্চ) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, আবু সাইদ, মীর মুগ্ধসহ জুলাই আন্দোলনের শহীদরা আমাদেরকে দেখিয়ে গেছে আমরা জীবন দিয়ে হলেও এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে প্রস্তুত রয়েছি। তবে কুরআনের আইন ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই রাষ্ট্রে আল কুরআনের বিধান কায়েমের জন্য মাহে রমযানের শিক্ষা কাজে লাগিয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি জাতীয় ঐক্যের মধ্যদিয়ে একটি বরকতপূর্ণ দেশ গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা,খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top