ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

বরিশাল জার্নাল ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় এখনো মামলা গ্রহণ না করায় পুলিশের ভূমিকা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম এ প্রশ্ন তোলেন। তিনি বলেন, রাজধানীর শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে ছাত্রদলের নেতাকর্মীরা বেধড়ক মারধর করলেও এখন পর্যন্ত পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি, যা অত্যন্ত উদ্বেগজনক।

নাহিদ ইসলাম আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান, এই মামলা কেন নেওয়া হচ্ছে না? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কোনো চাপের মুখে রয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে, তা জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন।

তিনি অভিযোগ করে বলেন, হামলার সময় ও পরবর্তী পরিস্থিতিতে পুলিশের নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ঘটনার সময় ডাকসুর দুজন নির্বাচিত প্রতিনিধির ওপরও হামলা চালানো হয়, যা পরিস্থিতির গুরুতর দিক নির্দেশ করে। এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভূমিকার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, এই সংগঠনটি দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ন্যায্য দাবির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই সংগঠনের সদস্যদের ওপর প্রকাশ্যে হামলা এবং তার বিচার না হওয়া গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

তিনি অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে কেন এখনো মামলা গ্রহণ করা হয়নি, সে বিষয়ে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দিতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top