লেবাননে আরো ২ ইসরাইলি সেনা নিহত

বরিশাল জার্নাল ডেস্ক

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হাতে আরো দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরাইল। দেশটির মিডিয়া জানিয়েছে, দুই সেনা নিহত হওয়ার পাশাপাশি লড়াইয়ে আহত হয়েছে আরো ১০ সেনা।

হাইফা নগরীর রামবাম হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার রাতে জানিয়েছে, তারা গত কয়েক ঘণ্টায় চার আহত সেনাকে ভর্তি করিয়েছে। যাদেরকে হেলিকপ্টারে করে লেবানন সীমান্ত এলাকা থেকে আনা হয়েছে।

কয়েক ঘণ্টা বিরতির পর শুক্রবার মধ্য রাত থেকে আবার রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। ইসরাইলের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনায় তাদের হামলা চলতেই থাকে। এছাড়া দক্ষিণ লেবাননে প্রবেশ করা দখলদার সেনাদের ওপরও হামলা করে গোষ্ঠিটির যোদ্ধারা।
আল খিয়াম শহরের কাছে পৌছে যাওয়া সেনাদের ওপর সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে জানিয়েছে আল মায়েদিন। শনিবার দিনভর চারদফা সেখানে ইসরাইলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

গত কয়েক সপ্তাহ ধরেই খিয়াম শহরের কাছে অবস্থান করছে দখলদার বাহিনী। একবার তারা শহরটিতে প্রবেশ করেও হামলার মুখে পিছু হটতে বাধ্য হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে শহরটি দখল করার চেষ্টা করছে ইসরাইল। তবে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে তারা সফল হতে পারছে না।
এছাড়াও আরো কিছু পয়েন্টে শনিবার হামলা হয়েছে সেনাদের ওপর। হামলা হয়েছে কয়েকটি অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করেও।

এদিকে, লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও ৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে বৈরুতে হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তবে নিহতদের মধ্যে হিজবুল্লাহর কোন কর্মকর্তা নেই বলে জানিয়েছে গোষ্ঠিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top