বরিশাল জার্নাল ডেস্ক
লোহিত সাগরে ইয়েমেনে হামলার জন্য মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে থাকা একটি এফএ-১৮ সুপার হরনেট ফাইটার জেট সাগরে পড়ে তলিয়ে গেছে। মার্কিন বাহিনী বিষয়টিকে দুর্ঘটনা বললেও এর পেছনে হুথিদের হামলার দায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এক প্রেস রিলিজে বলা হয়েছে, লোহিত সাগরে মোতায়েন হ্যারি ট্রুম্যানের হ্যাঙ্গার থেকে একটি ফাইটার জেট ফ্লাইট ডেকে নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে এবং তলিয়ে যায়। একই সাথে বিমানটিকে টানার জন্য ব্যবহৃত টো ট্র্যাক্টরটিও তলিয়ে যায়। এতে একজন ক্রু আহত হয়েছেন। মার্কিন বিমান বাহিনীর ১৩৬ ফাইটার স্কোয়াড্রনের অংশ ছিলো যুদ্ধবিমানটি।
আল মায়েদিনের খবরে বলা হয়েছে, কোন কোন বিশ্লেষক মনে করেন এই যুদ্ধবিমান তলিয়ে যাওয়ার পেছনে যুদ্ধ সংক্রান্ত ব্যাপার থাকতে পারে। কারণ প্রায় প্রতিদিনই হ্যারি ট্রুম্যান রণতরী লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেনের হুথি আনসার আল্লাহ গ্রুপ। যদিও মার্কিন বাহিনী বিষয়টিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দাবি করেছে।
এফএ-১৮ সুপার হরনেট মডেলের প্রতি যুদ্ধবিমানের নির্মাণ খরচ ৭০ মিলিয় মার্কিন ডলার। এটি বোয়িংয়ের তৈরি দুই ইঞ্জিনের একটি সুপারসনিক মাল্টিরোল ফাইটার জেট।
এদিকে, ইয়েমেনের হুথি আনসারআল্লাহর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সোমবারও তাদের যোদ্ধারা লোহিত সাগরে থাকা মার্কিন রণতরী হ্যারি ট্রুম্যান ও তার সঙ্গী আরেকটি জাহাজের ওপর হামলা চালিয়েছে। হুথিদের নৌ, ড্রোন ও মিসাইল ইউনিট যৌথভাবে এই হামলা চালিয়েছে বলে তিনি জানান। হামলায় কয়েকটি ড্রোন ও একটি করে ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে।
এছাড়া এদিন ইসরাইলের আশকেলন শহরের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।




