বরিশাল জার্নাল ডেক্ক
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হচ্ছে। হার্ভার্ড, স্ট্যানফোর্ড, টাফ্টসের মতো প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিলের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিবৃতি থেকে জানা গেছে, ফেডারেল অভিবাসন রেকর্ড হালনাগাদ হওয়ার পরই কেবল এসব ভিসা বাতিলের তথ্য জানতে পারছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। গত মাসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, এ ধরনের ৩০০টির বেশি ভিসা বাতিল করা হয়েছে।
টাফ্টস ইউনিভার্সিটির তুরস্কের পিএইচডি শিক্ষার্থী রুমেইসা ওজতুর্ক এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির সদ্য স্নাতক মাহমুদ খলিলের ভিসা বাতিলের ঘটনা আলোচনায় এসেছে। ওজতুর্ককে গত মাসে রাস্তা থেকে আটক করা হয়। অন্যদিকে, ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ায় খলিলের ভিসা বাতিল হয়। বর্তমানে দুজনকেই অভিবাসন কারাগারে আটক রেখে তাদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার একাধিক ক্যাম্পাসের কয়েক ডজন শিক্ষার্থী ও সদ্য স্নাতকের ভিসা বাতিল করা হয়েছে। ভিসা বাতিলের প্রতিবাদে দুজন শিক্ষার্থী ফেডারেল আদালতে মামলা করেছেন। তাদের দাবি, যথাযথ প্রক্রিয়া ছাড়াই ভিসা বাতিল করা হয়েছে।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি শুক্রবার এক বিবৃতিতে জানায়, ছয় শিক্ষার্থীর ভিসা বাতিলের কথা জানা গেছে। হার্ভার্ডের তিন বর্তমান ও দুই সদ্য স্নাতকের ভিসা বাতিল হয়েছে বলে রবিবার নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ডার্টমাউথ কলেজ, মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব অরেগনসহ আরও কিছু প্রতিষ্ঠানেও ভিসা বাতিলের ঘটনা ঘটেছে।
তবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।




