পাকিস্তানে সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ পুলিশ সদস্য নিহত

বরিশাল জার্নাল ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার রাতে বন্দুক ও বোমা হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সাম্প্রতিক মাসগুলোতে এটি সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি বলে জানান এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

ডনের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় এ ঘটনা ঘটে। সেখানে এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই যানবাহন নিয়ে আঘাত হানে একটি পুলিশ চেকপোস্টে।

প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী হামলার পর বিস্ফোরণ ও গুলিবর্ষণ শুরু করে ভারী অস্ত্রধারী সন্ত্রাসীরা।

শহরের পুলিশ প্রধান সাজ্জাদ খান সাংবাদিকদের জানান, হামলায় আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য।

বিস্ফোরণের পর সন্ত্রাসীরা বিভিন্ন দিক থেকে চেকপোস্টে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

নিরাপত্তাবাহিনী পাল্টা অভিযান শুরু করেছে। তবে জঙ্গিদের মধ্যে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং দায়ীদের বিচারের আওতায় আনতে নিরাপত্তাবাহিনীকে ‘সর্বোচ্চ শক্তি প্রয়োগের’ নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে তার কার্যালয়ের এক বিবৃতিতে।

অস্থির উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার সীমান্তবর্তী বান্নু জেলা দীর্ঘদিন ধরেই সহিংসতার কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানে বেসামরিক নাগরিক ও স্থানীয় নিরাপত্তাবাহিনী প্রায়ই হামলার শিকার হয়।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। ইসলামাবাদের মতে, এসব হামলার বেশিরভাগই তেহরিক-ই-তালেবান পাকিস্তান চালিয়ে আসছে এবং তারা আফগানিস্তান থেকে কার্যক্রম পরিচালনা করছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাবুল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top