হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক : গাজার খান ইউনিসে একটি সংঘবদ্ধ হামলায় ইসরাইলি সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইরানী বার্তা সংস্থা মেহের। প্রতিবেদন অনুযায়ী, গাজার প্রতিরোধ বাহিনী বিশেষ করে হামাসের যোদ্ধারা খান ইউনিসে ইসরাইলি বাহিনীকে একটি পরিকল্পিত ফাঁদে ফেলে সম্পূর্ণভাবে অরক্ষিত অবস্থায় পরাস্ত করে।

ইসরাইলি গণমাধ্যম জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবন ধসে ইসরাইলি সেনাদের ওপর পড়ে। এতে ৫ জন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে শুক্রবার গাজার স্থানীয় গণমাধ্যম জানায়, ঈদের দিনেও খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরাইলি বাহিনীর গুলিতে এক শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

অন্যদিকে গাজার হাসপাতাল সূত্র জানায়, ঈদের আগের দিন বর্বর ইসরাইলি হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ১৮৯ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা অব্যাহত ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৪,৬৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,২৫,৫৩০ জন আহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি বলে উল্লেখ করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top