বরিশাল জার্নাল ডেস্ক
গত কয়েক দিনে লেবাননে স্থল হামলা চালাতে গিয়ে নিহত হয়েছে ইসরাইলি সামরিক বাহিনীর অন্তত ২৫ অফিসার ও সাধারণ সেনা। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় দখলদার সেনাদের ওপর গত কয়েকদিনের মাঝে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। সেদিন সন্ধ্যা থেকে রাতভর বিভিন্ন পয়েন্টে লড়াই চলে দুই পক্ষের মাঝে। ইসরাইলি সেনারা একাধিক জায়গা দিয়ে লেবাননে অনুপ্রবেশ করতে চাইলে তাদের জন্য আগে থেকে ফাঁদ পেতে রাখে হিজবুল্লাহর যোদ্ধারা।
সংগঠনটির একজন ফিল্ড অফিসার শুক্রবারের সেই অভিযানের কথা প্রকাশ করেছেন। হিজবুল্লাহর মিলিটারি মিডিয়ার প্রকাশ করা বিবৃতির বরাত দিয়ে আল মায়েদিন জানিয়েছে, শুক্রবার রাত দশটা ২০ মিনিটে প্রথম ওদেইসাহ শহরের কাছে সীমান্ত অতিক্রম করে ইসরাইলি সেনারা।
বিবৃতিতে বলা হয়, রাত ১০টা ৪৫ মিনিটে ইসরাইলি বাহিনীর একটি এলিট ফোর্স ওদেইসাহ পৌর এলাকার একটি ভবনের দিকে অগ্রসর হয়। ভবনটির কাছে আগে থেকে ফাঁদ পেতে রেখেছিল যোদ্ধারা। ইসরাইলি সেনারা অ্যাম্বুশ পয়েন্টে আসামাত্র কয়েকদিক থেকে লাব্বাইকা ইয়া নাসরুল্লাহ ধ্বনি দিয়ে একযোগে আক্রমণ শুরু হয়। চারপাশ থেকে একযোগে গর্জে ওঠে অনেকগুলো মেশিনগান ও স্বয়ংক্রিয় রাইফেল। পাশাপাশি বিস্ফোরিত হতে থাকে একের পর এক স্থলমাইন। যার ফলে অনেক ইসরাইলি সেনা হতাহত হয়।
হিজবুল্লাহর ওই কমান্ডার জানান, হামলাটিতে অন্তত ১৫ ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। আমরা স্পষ্টই তাদের আর্তচিৎকার শুনতে পেয়েছি সেদিন।
এর কিছুক্ষণ পর হেলিকপ্টার হামলার কাভার নিয়ে ইসরইলি বাহিনীর একটি রেসকিউ টিম ঘটনাস্থলে আসে হতাহত সেনাদের উদ্ধার করতে।
রাত একটার দিকে ভিন্ন পথে আরেকটি সেনাদল ওই অঞ্চলে ঢুকতে চাইলে আবারো হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে তাদের সংঘর্ষ হয়। দুই ঘণ্টার বেশি সময় ধরে ওই এলাকায় দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। হিজবুল্লাহ যোদ্ধারা মেশিনগান, গ্রেনেডের পাশাপাশি ছোট পাল্লার মিসাইল দিয়ে হামলা চালায় দখলদার সেনাদের ওপর।
পরদিন শনিবার সকাল সাতটার দিকে আল বাত পাহাড়েরর কাছে ইসরাইলি বাহিনীর একটি ট্যাংক অগ্রসর হতে চাইলে ট্যাংকটি লক্ষ্য করে গাইডেড মিসাইল হামলা চালানো হয়। হামলায় সাথে সাথে বিস্ফোরিত হয় অত্যাধুনিক ট্যাংকটি। এর ক্রুদের কী পরিণত হয়েছে তা জানা যায়নি।
এদিনের হামলায় ইসরাইলি বাহিনীর ২৫ সেনা নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে অন্তত ১৩০ সেনা। তবে ইসরাইলি বাহিনী এসব হতাহতের কথা স্বীকার করছে না। তারা এখন পর্যন্ত লেবাননে দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে।




