বরিশাল জার্নাল ডেস্ক
গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলি দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে। বিশেষ করে বেইত লাহিয়া ও জাবালিয়া ক্যাম্প এলাকায় গত কয়েকদিন ধরে দফায় দফায় হামলা হচ্ছে ইহুদিবাদী সেনাদের ওপর। এছাড়া মধ্য গাজার নেতজারিম এলাকায় হামলা হয়েছে তাদের ওপর। এ খবর জানিয়েছে লেবানন ভিত্তিক সংবাদমাধ্যম আল মায়েদিন।
হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা শুক্রবার খুব কাছ থেকে তিন দখলদার সেনাকে হত্যা করেছে। বেইত লাহিয়ার আব্বাস কিলানি গোল চত্বর এলাকায় এই হামলা চালানো হয়। একই এলাকায় স্নাইপারের গুলিতে হত্যা করা হয়েছে আরেক সেনাকে।
এছাড়া বাহিনীটি জানিয়েছে, বেতই লাহিয়া উন্নয়ন কর্পোরেশনের কাছে তাদের যোদ্ধারা আল ইয়াসিন ১০৫ রকেটের আঘাতে একটি মারকাভা ট্যাংক বিধ্বস্ত করেছে। এছাড়া তাল আল ধাবাব এলাকায় আরেকটি ট্যাংক ও বুলডোজারের ওপর হামলা করা হয়।
জাবালিয়া ক্যাম্পের পশ্চিম দিকের দুবাস স্ট্রিটে তৃতীয় আরেকটি মারকাভা ট্যাংকের ওপর হামলা চালিয়েছে আল কাসসাম যোদ্ধারা। এই হামলা স্থানীয়ভাবে প্রস্তুতকৃত সোয়াজ বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
এদিন প্রতিরোধ যুদ্ধের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দুটি মারকাভা ট্যাংক ও একটি মিলিটারি বুলডোজারের ওপর হামলার দৃশ্য রয়েছে। হামলার সাথে সাথে যুদ্ধযানগুলোতে আগুন ধরে যায়। তবে এসব হামলায় হতাহতের কোন খবর জানাতে পারেনি যোদ্ধারা।
উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে তাদের যোদ্ধারা শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে একটি ইসরাইলি মারকাভা ট্যাংকের ওপর হামলা চালিয়েছে। স্থানীয়ভাবে তৈরি থাকিব বিস্ফোরক ব্যবহার করে ওই হামলাটি হয়েছে উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায়। এছাড়া গাজার বাইরে ইসরাইলের ফায়েজ সেনা ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেড।
গাজার আল শিমা সড়কে আল আকসা শহিদ ব্রিগেডের যোদ্ধারা এন্টি আর্মার মিসাইল ব্যবহার করে একটি ট্যাংকের ওপর ওপর হামলা চালিয়েছে। এছাড়া নেতজারিম এলাকায় ইসরাইলি কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে মর্টার হামলা করেছে সংগঠনটি।
একই দিন নেতজারিম এলাকায় একটি যৌথ অপারেশন চালিয়েছে আল কুদস ব্রিগেডস ও মুজাহিদিন ব্রিগেডস ।




