কে হচ্ছেন হিজবুল্লাহর পরবর্তী প্রধান

বরিশাল জার্নাল ডেস্ক

ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দলটির নতুন প্রধান কে হচ্ছেন, তা নিয়ে জল্পনা চলছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে, হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হাশেম সাফিউদ্দিন দলটির নতুন প্রধান হতে যাচ্ছেন।

আলজাজিরার খবরে সম্ভাব্য নেতা হিসেবে দুজনের কথা বলা হয়েছে, যাদের আরেকজন নাঈম কাশেম।

হাশেম সাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। গোষ্ঠীটির রাজনৈতিক বিষয় দেখভাল করা তাঁর দায়িত্ব। তিনি গোষ্ঠীটির জিহাদ কাউন্সিলেরও সদস্য। নিজেদের সামরিক অভিযানের ব্যবস্থাপনা করাই এই কাউন্সিলের কাজ।

৬০ বছর বয়সী সাফিউদ্দিন নিহত হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই। নাসরুল্লাহর মতো তিনিও বিজ্ঞ আলেম হিসেবে পরিচিত। মাথায় পরেন একই ধরণের কালো পাগড়ি। ২০১৭ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সাফিউদ্দিনকে সন্ত্রাসী তকমা দেয়। গত জুনে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হওয়ার পর তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। ওই কমান্ডারের দাফন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, শত্রুরা কান্না ও বিলাপের জন্য প্রস্তুত হও।’ সাফিউদ্দিনের বিবৃতিতে প্রায় সময় হিজবুল্লাহর সামরিক অবস্থানের প্রতিফলন থাকে।

বৈরুতের দক্ষিণের শহরতলি দহিয়েহ এলাকায় সাম্প্রতিক এক সফরে সাফিউদ্দিন বলেছিলেন, ‘আমাদের ইতিহাস, আমাদের বন্দুক ও আমাদের রকেট আপনাদের সঙ্গে রয়েছে।’

৭১ বছর বয়সী নাঈম কাশেম সংগঠনটির ডেপুটি সেক্রেটারি জেনারেল। তাকে অনেক সময়ই হিজবুল্লাহর দ্বিতীয় ব্যক্তি হিসেবে আখ্যা দেয়া হতো। লেবাননের শিয়া রাজনৈতিক তৎপরতার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক বলে জানিয়েছে আলজাজিরা। ওই সময় মুসা আল সদরের আমল মুভমেন্টের সদস্য ছিলেন। পরে আশির দশকে হিজবুল্লাহ প্রতিষ্ঠায় ভুমিকা রাখেন। সংগঠক ও যোদ্ধা পরিচয়ের পাশাপাশি নাঈম কাশেমও একজন বিজ্ঞ আলেম হিসেবেও পরিচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top