ইরানের ওপর হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

বরিশাল জার্নাল ডেস্ক

শেষ মুহূর্তের নাটকীয়তার পর ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বুধবার (৮ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি।

 

ট্রাম্প লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য স্থগিতে রাজি হয়েছি। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে— ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

 

তিনি আরও বলেন, ইরানের পক্ষ থেকে ১০ দফার একটি প্রস্তাব পাওয়া গেছে, যা আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অতীতের বেশিরভাগ বিরোধপূর্ণ বিষয় নিয়ে সমঝোতা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা করি।

 

ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসেনি।

 

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ পেছাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ জানান। একইসঙ্গে ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করে দেওয়ার জন্য ইরানকেও আহ্বান জানান তিনি।

 

এরপর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে এবং এ বিষয়ে দ্রুতই একটি আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে।

 

এ বিষয়ে পাকিস্তানে নিযুক্ত ইরানে রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে বলা যায়, আমরা সংকটের সংবেদনশীল ধাপ থেকে এক ধাপ সামনে এগোতে পেরেছি। পরবর্তী ধাপে অপ্রয়োজনীয় বাগাড়ম্বর বা হুমকির পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্য বজায় রাখা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top