ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেহে ‘আগ্রাসী’ ধরনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে, যা ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার বাইডেনের দফতর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার ৮২ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতার প্রস্রাবজনিত উপসর্গ বেড়ে যাওয়ার পর নতুন একটি প্রোস্টেট নডিউল দেখা গেলে তার দেহে ক্যান্সার ধরা পড়ে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘এটি রোগটির একটি আগ্রাসী রূপ হলেও ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল, যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রেসিডেন্ট ও তার পরিবার চিকিৎসকদের সাথে সম্ভাব্য চিকিৎসা বিকল্প পর্যালোচনা করছেন।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই বাইডেনের বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে বিদ্রুপ করে এলেও এই খবরে ‘দুঃখ’ প্রকাশ করেছেন।

প্রতিদ্বন্দ্বী বাইডেনের স্ত্রী জিল বাইডেনের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা জিল ও পুরো পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং জোরাল কণ্ঠে জোর দ্রুত ও সফল আরোগ্য কামনা করি।’

বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘জো একজন লড়াকু মানুষ।’

বাইডেন গত বছরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালে কমলা হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হন।

তিনি আরো লেখেন, ‘আমি জানি, তিনি তার জীবন ও নেতৃত্বের চিরচেনা শক্তি, সহনশীলতা ও আশাবাদ দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন। আমরা তার সম্পূর্ণ ও দ্রুত সুস্থতার ব্যাপারে আশাবাদী।’

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক পোস্টে বাইডেনের জন্য আশির্বাদ ও শুভকামনা জানান। তিনি বলেন, ‘সবধরনের ক্যান্সারের চিকিৎসায় অগ্রগতির জন্য জোর চেয়ে বেশি উদ্যোগ আর কেউ নেয়নি। আমি নিশ্চিত, নিজের স্বভাবসিদ্ধ অটলতা ও সম্মানবোধ নিয়ে তিনি এই রোগের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাবেন।’

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top