বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সোমবার (৫ মে) বেলা ১২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা এক দফা আন্দোলন শুরু করে।
অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে এসে কর্মসূচি শেষ করেন। এর আগে ভিসির প্রতি দেওয়া শিক্ষার্থীদের চার দফা দাবি পূরণ না হওয়ায় তারা পদত্যাগের এক দফা দাবিতে ঐকমত্যে পৌঁছায়।
চলমান লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে ভিসি আলোচনার আশ্বাস দিলেও যথাসময়ে দাবিগুলো বাস্তবায়ন না করায় শিক্ষার্থীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পদত্যাগের এক দফা দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।
ম্যানেজমেন্ট বিভাগের আন্দোলনকারী শিক্ষার্থী বিপ্লব বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষার্থীবান্ধব নন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করে ফ্যাসিস্টদের পুনর্বাসনে ব্যস্ত থেকেছেন। তার স্বেচ্ছাচারিতা ও অপেশাদার মনোভাবের কারণে আমাদের সহপাঠী জেবুন্নেসা হক জিমি ক্যান্সারে আক্রান্ত হয়েও কোনো আর্থিক সহায়তা পাননি। আমরা দূর্যোগের সময় তার কোনো সহযোগিতা পাইনি। তাই অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। সম্মানজনকভাবে পদত্যাগ না করলে আমরা আরও বড় কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাব।
নাজমুল ঢালী বলেন, চলমান আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের সংগ্রাম। এই ভিসি দীর্ঘ নয় মাস দায়িত্বে থাকলেও কোনো দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি। তিনি আলোচনার কথা বললেও আমরা তাতে বসতে আগ্রহী নই, কারণ ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে তিনি দায়িত্ব পালনের জন্য অযোগ্য। তাই দ্রুত সময়ের মধ্যে তার পদত্যাগ কামনা করছি।
আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে মোশাররফ করিম বলেন, আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং আগামীকাল সকাল ১১টায় প্রশাসনিক শাটডাউন কর্মসূচির আওতায় জরুরি সেবা (মেডিকেল, লাইব্রেরি, ক্লাস, পরীক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র) ব্যতীত সকল দফতরে তালা ঝুলিয়ে দেওয়া হবে। নতুন ভিসি এসে এই তালা খুলে পুনরায় প্রশাসনিক কার্যক্রম শুরু করবেন।



