মো: হানিফ সরদার, গৌরনদী (বরিশাল) : ক্লিনিকের চেম্বার শেষ করে মোটর সাইকেলযোগে বাসায় ফেরার পথে পিকআপের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে ডা. শরিফুজ্জামান মাহিন (২৮) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায়।
নিহতের স্বজনরা জানিয়েছেন, ভুরঘাটা একটি ক্লিনিকে চেম্বার শেষে শনিবার দুপুরে মোটর সাইকেলযোগে বাসায় ফিরছিলেন মাহিন। পথিমধ্যে মহা সড়কের বার্থী এলাকায় পৌঁছলে পিকআপের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয় মাহিন। নিহত মাহিন গৌরনদী পৌরসভার আশোকাঠী গ্রামের সৈয়দ শাহ আলমের ছেলে। তিনি রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে গৌরনদীর ভুরঘাটা এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে চেম্বার করতেন।
নিহত মাহিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুগদা মেডিক্যাল কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রবিবার (৪ মে) ভোরে সে (মাহিন) মৃত্যুবরণ করেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটর সাইকেল থানায় আটক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



