মেহেন্দিগঞ্জে শ্রমিকদল নেতার ওপর হামলা, অভিযোগ ছাত্রদল নেতার দিকে

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে । ভুক্তভোগীর দাবি, মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় তার ওপর হামলা চালানো হয়। এতে জড়িত চানপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি কিশোর গোলদারসহ৩-৪জন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ছাত্রদল নেতা।

হামলার শিকার মোশাররফ হোসেন শাহ উপজেলার চানপুর ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক। স্থানীয়রা বলছেন, দলীয় কোন্দলের জেরে হামলার ঘটনা ঘটতে পারে। মোশাররফ হোসেন শাহ জানান, অভিযুক্ত কিশোর গোলদার এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছেন। ভুক্তভোগীরা বিষয়টি তাকে অবহিত করেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ফারুক বেপারীর বাড়ির সামনে কিশোর গোলদারের সাথে দেখা হয়। এ সময় মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা থেকে বিরত থাকতে বলায় আমার উপর সন্ত্রাসী হামলা করে।

এতে আহত হন তিনি। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রাতেই বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মোশারফ হোসেনের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক টিপু সিকদার, ওয়ার্ড যুবদলের সভাপতি ইউসুফ আকন, বিএনপি নেতা বাবুল হোসেন মোল্লা সহ একাধিক নেতৃবৃন্দ। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। মেহেন্দিগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top