মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্যাটারী চালিত একটি মিশুক অটো গাড়ি চুরি করে পালানোর সময় মোকছেদুল হাসান (২৮) নামে এক জনকে আটক করেছে স্থানীয়া। পরে তাকেকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছোট ছৈলাবুনিয়া এলাকা থেকে চোরাই অটো উদ্ধারসহ আটকের এ ঘটনা ঘটে। আটক মোকছেদুল হাসান ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বড়খালের পাড় গ্রামের আলাল উদ্দীনের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,গতকাল বুধবার বেলা ১২ টার দিকে সুবিদখালী বাজার সংলগ্ন ব্রীজের উত্তর পার্শ্ব ঢালে অটো ষ্ট্যান্ডে গাড়ি সিরিয়ালে রেখে পার্শ্ববর্তী একটি চায়ের দোকানের সামনে দাড়িয়ে কথা বলছিলেন গাড়ির মালিক দাসেরডাঙ্গা গ্রামের আঃ মান্নান। কিছুক্ষণ পরে ষ্ট্যান্ডে সিরিয়ালে রাখা গাড়িটি দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে গাড়ির মালিক আঃ মান্নানসহ অন্য চালকরা বেলা সাড়ে ১২ টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের ছোট ছৈলাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক থেকে অটোগাড়িসহ মোকছেদুলকে আটক করে সুবিদখালী বাজার ব্রীজের উত্তর পার্শ্বে অস্থায়ী অটোষ্ট্যান্ডে নিয়ে আসে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় লোকজন মোকছেদুলকে পুলিশে হস্তান্তর করে।
মির্জাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শুভেন্দু দাস জানান, মোকছেদুলের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




