গৌরনদীতে খাল পুনঃখননে অনিয়মের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

 

মোঃ হানিফ সরদার, গৌরনদী (বরিশাল) : খাল পুনঃখননে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশালের গৌরনদী উপজেলার দুই শতাধিক কৃষক ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বার্থী ও ডুমুরিয়া গ্রামের সর্ব্বস্তরের চাষীদের ব্যানারে বার্থী-ভালুকশী সড়কের পশ্চিম বার্থী ব্রিজ নামকস্থানে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধরা খাল কাটার এস্কেভেটার (ভেকু) বন্ধ করে দেন।

বিক্ষুব্ধরা জানান, ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় উপজেলার বার্থী গ্রামের আজিজ ফকিরের বাড়ির কাছ থেকে পশ্চিম বার্থী খ্রিষ্টান বাড়ি পর্যন্ত এবং ডুমুরিয়া গ্রামের উত্তর সীমানা থেকে বার্থী ৭৫ ফুট ব্রিজ পর্যন্ত ৪ কিলোমিটার খাল পুনঃখননের কাজ পায় আজাদ অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। খাল খননের পর থেকে ঠিকাদারের লোকজন মালিকদের আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ভীতি দেখিয়ে ও প্রভাব খাটিয়ে খাল পাড়ের গাছপালা কেটে ও পান বরজ জোরপূর্বক ভেঙে নিতে বাধ্য করেন। বিক্ষুব্ধরা আরো জানান, এস্কেভেটার চলাচলের জন্য পশ্চিম বার্থী পুরানো জামে মসজিদ ও ঈদগাহ মাঠে মুসল্লিদের যাতায়াতের প্রায় ১১’শ ফুট রাস্তার মাটি কেটে খালের ভেতর ফেলে আবার খাল থেকে ফেলা মাটির অধিকাংশ তুলে রাস্তায় ফেলা হয়। এতে রাস্তা আগের চেয়ে ৩/৪ ফুট নিচু হয়েছে ও রাস্তা ধসে পড়েছে।

ইরি-বোরো ও পান চাষি আব্দুল গনি সরদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিন্টু, এস এম মোশারফ হোসেন, ব্লক ম্যানেজার আব্দুল করিম হাওলাদার, পঞ্চানন দত্ত, ছালাম বেপারী, বোরো চাষি মোস্তফা হাওলাদার, কলম সরদার, শেখ সামাদ হুজুর, ছত্তার হাওলাদার, বার্থী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বাশার সরদার প্রমূখ।

বরিশাল বিএডিসির সহকারী প্রকৌশলী আতায়ী রাব্বি জানান, শিডিউল অনুযায়ী প্রতি কিলোমিটার খাল পুনঃখননে ঠিকাদার সর্বনিম্ন ১১ লাখ টাকা বিল পাবে। খাল পুনঃখননে অনিয়মের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শিডিউলের কপি পেতে হলে তথ্য অধিকার আইনে অফিসে আবেদন করতে হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top