বরিশাল জার্নাল ডেস্ক :
ইসরাইলিদের নানা বিধিনিষেধ সত্ত্বেও রমজানের প্রথম জুমার নামাজে আল আকসা মসজিদে সমবেত হয়ে নামাজ আদায় করেছেন ৯০ হাজার মুসল্লি। জেরুসালেম ওয়াকফ স্টেটের মহাপরিচালক শেখ আজম আল খতিব আনাদোলু বার্তা সংস্থাকে এই তথ্য জানিয়েছেন।
জুমার দিন উপলক্ষে আল আকসায় বিশাল সংখ্যা পুলিশ বাহিনী মোতায়েন করেছিলো ইসরাইলি সরকার। তারা নানাভাবে মুসল্লিদের প্রবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে।
এর আগে রমজানে আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে নতুন এবং কঠোর বিধিনিষেধ জারি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে যেসব পুরুষের বয়স ৫৫ বছরের বেশি, নারীর বয়স ৫০ বছরের উর্ধ্বে, এবং যেসব শিশুর বয়স ১২ বছরের কম- শুধু তাদেরকেই শুক্রবার জুমার নামাজের সময় আল আকসা চত্বরে প্রবেশের যোগ্য বলে বিবেচনা করা হবে।
আরও বলা হয়েছে, যারা প্রবেশের যোগ্য বলে বিবেচিত হবেন, তাদেরকে অবশ্যই নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র সংগ্রহ করতে হবে এবং মসজিদ চত্বরে প্রবেশের সময় তা প্রদর্শন করতে হবে। আল-আকসা মসজিদ চত্বরের আশে পাশে কয়েকটি সেনা চেকপোস্ট বসানো হয়েছে, সেসব চেকপোস্টে গিয়ে সংগ্রহ করতে হবে এই ছাড়পত্র।
গুরুত্বের বিচারে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আল-আকসার মসজিদের স্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে কাবা এবং মসজিদে নববি। ইসলামের আবির্ভাবের প্রাথমিক যুগে আল-আকসা মসজিদকে কেবলা করে নামাজ আদায় করতেন মুসল্লিরা। পরে নবীর মেরাজের পর কেবলার পরিবর্তন হয়।




