নিজেরা আয়নায় চেহারা দেখুন, ভারতকে ডা. শফিক

 

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীর বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। শনিবার দুপুরে জামায়াতের মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

জামায়াত নেতা বলেন, ‘দফায় দফায় আন্দোলন করেও স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি। আমাদের সন্তানেরা সেই কাজটি করেছে। এজন্য আমি গর্বিত। সন্তানদেরকে উপহার দিচ্ছি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। জাতির পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাচ্ছি। এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতেই তুলে দেব।’

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইয়ামির আলী, সহকারী সেক্রেটারি হারুনুর রশিদের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম ও সিলেট জেলা আমির মাওলানা হাবিুবুর রহমান।

সমাবেশ শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান মৌলভীবাজার জেলার বিশিষ্টজন, সুধী ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

জামায়াতে ইসলামীর আমির ভারতের উদ্দেশ্যে বলেন, ‘প্রতিদেশী দেশকে বলতে চাই, আপনারা শান্তিতে থাকেন। আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। আপনাদের পাক ঘরে কী পাকাবেন, আমরা তা জিজ্ঞেস করি না। আমাদের পাক ঘরে উঁকি মারার চেষ্টা করবেন না। নিজেরা আয়নায় চেহারা দেখুন। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না।’

তিনি বলেন, ‘যেখানে আমাদের শীর্ষ ১১ নেতাকে খুন করা হয়েছে, সবগুলো অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, সেখানেও এত যন্ত্রণা বুকে নিয়ে বলেছি- আমরা দেশ ও  জনগণকে ভালোবাসি।’ তিনি নেতাকর্মীদের নিয়ত সহিহ করে জ্ঞানের রাজ্যে এগিয়ে গিয়ে সাহসী হয়ে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। একই সাথে তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top