মানুষ জামায়াতকে কতটা ভালোবাসে এখন বোঝা যাচ্ছে : অ্যাডভোকেট হেলাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল মহানগরীর সাবেক আমির অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল বলেছেন, মানুষ এখন জামায়াত নেতাদের দেখলে এগিয়ে আসে।  যারা আগে জামায়াতে ইসলামীকে এড়িয়ে চলতো, তারা এখন দূর থেকে এগিয়ে আসে কথা বলতে। মানুষ জামায়াতে ইসলামীকে কতটা ভালোবাসে সেটা এখন বোঝা যায়।

শনিবার বরিশাল নগরীর একটি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন(সদস্য) শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোটে হেলাল বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের কথা শোনার জন্য মানুষ এখন পাগল। তার প্রতিটি বক্তব্য ইউটিউব, ফেসবুক, টুইটারে ভাইরাল হয়। গণআন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর জাময়াত সম্পর্কে মানুষ সঠিক ধারণা পাচ্ছে। এতদিন মানুষ স্বৈরচারের ভয়ে জামায়াতকে এড়িয়ে চলতো।

তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিস্থিতি পরিবর্তন করে দিয়েছেন। একমাত্র তার দয়ায় এটি সম্ভব হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছর আমরা সংগ্রাম করেছি। গ্রাম থেকে শহর সর্বত্র আমাদের ওপর জুলুম চলেছে; কিন্তু সেই দিন আল্লাহর রহমতে আমরা পেছনে ফেলে এসেছি। এই সুসময়কে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমাজ গঠনে কাজ করে যেতে হবে।

জামায়াতের এই কেন্দ্রিয় নেতা বলেন, জামায়াতে ইসলামীর কর্মীদের এখন দ্রুত জনগনের দ্বারে দ্বারে যেতে হবে। তাদেরকে ইসলামী আদর্শের দিকে দাওয়াত করতে হবে। সবাই ইসলামী আদর্শের পতাকাতলে আসলেই সুন্দর সমাজ গঠন সম্ভব হবে।  তিনি বলেন, আমরা দুর্নীতি, ফ্যাসিবাদ ও স্বৈরশাসনকে পেছনে ফেলে এসেছি। এগুলো এখন অতীত। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

জেলা আমির অধ্যাপক আবদুল জব্বারের সভাপতিত্বে ও নায়েবে আমির ডক্টর এসএম মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রিয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top