উজিরপুরে নয়াকান্দি মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান

জিব্রান কাদির, উজিরপুর (বরিশাল)

উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ‘দারুল উলুম হিফজুল কুরআন নয়াকান্দি মাদ্রাসা ও এতিমখানা’র ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী আয়োজিত এই দ্বীনি মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ হাজারো মানুষের সমাগম ঘটে।

মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন সরকারি বরিশাল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মশিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতী মুইনুল ইসলাম।

মাহফিলে আমন্ত্রিত বিশিষ্ট বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন সাকরাল সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক ও তরুণ বক্তা মাওলানা মো. আতিকুল ইসলাম, সাতলা দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হযরত মাওলানা মো. মাহমুদুল হাসান (শাহীন) এবং দারুসসুন্নাত কিতাব শিক্ষাকেন্দ্র, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতী শামসুল আলম মোহেব্বী। আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ কোরআন-হাদিসের আলোকে জীবন গঠন ও ইসলামের বিভিন্ন দিক নিয়ে সারগর্ভ আলোচনা করেন।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল পবিত্র কোরআন হেফজ সম্পন্নকারী হাফেজদের মাথায় পাগড়ি প্রদান। এ বছর কোরআনে হাফেজ হওয়া নতুন হাফেজদের সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি মাদ্রাসার যেসব শিক্ষার্থী বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, তাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top