বরিশাল জার্নাল ডেস্ক
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম (২০) নামে এক হেলপার পুড়ে মারা গেছেন। মঙ্গলবার রাত চারটার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। তিনি বাহক পরিবহনের একটি বাসের হেলপার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাহক পরিবহনের বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন সিয়াম। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি বাস থেকে বের হতে পারেননি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লিসা পরিবহনের আরেক বাসের হেলপার মো. সাব্বির জানান, তিনিও বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত জানালার কাচ খুলে বের হন। এভাবে প্রাণে বেঁচে যান তিনি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা বাসস্ট্যান্ডে এসে বাস দুটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাস থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিসা পরিবহনের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে বাহক পরিবহনের মালিক ঝালকাঠির অমিত পাল।
এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার অভিযোগ করেন, বাসস্ট্যান্ডে ৩০টির বেশি বাস থাকলেও নির্দিষ্ট দুটি বাস লক্ষ্য করে আগুন দেওয়া হয়েছে। তাদের দাবি, এটি ফ্যাসিবাদী শক্তির পরিকল্পিত অগ্নিসংযোগ। একজন মানুষকে পুড়িয়ে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসতে চায় বলেও মন্তব্য করেন তারা।
তবে কারা এবং কী উদ্দেশ্যে বাস দুটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সমকাল




