ঢাকায় থালা-বাসন হাতে জামায়াতের নারী কর্মীদের মিছিল

বরিশাল জার্নাল ডেস্ক

সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে খালি থালা-বাসন হাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীরা।

রোববার (৮ নভেম্বর) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মহানগর দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিলে অংশ নেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও কয়েকশ সাধারণ নারী কর্মী।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি কোনো নির্বাচন হয়নি। বিএনপি জনগণের সঙ্গে কারসাজি করে ক্ষমতায় বসে গেছে। আগের নির্বাচনের সঙ্গে এ নির্বাচনের মধ্যে কোনো তফাত দেখছি না। বিএনপি সরকারের চেয়ে অর্ন্তবর্তী সরকারের আমল ভালো ছিল।’

জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘তিন হাজার টাকা ছাড়া এলপি গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সরকার বারবার সবকিছুর দাম বৃদ্ধি করছেন। এদিকে শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে জনগণের পকেট থেকে টাকা কেটে নিচ্ছে সরকার।’

মিছিলে অংশ নেওয়া নেত্রীরা বলেন, ‘আজকে রান্নাঘরের চিত্র অতি করুণ। গ্যাস ও পণ্যের দামের কারণে সাধারণ মানুষ দিনে দু-বেলা খাবার জোটাতে হিমশিম খাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বাজার নিয়ন্ত্রণ ও জ্বালানি পণ্যের দাম কমানো না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

মিছিলে তারা দ্রব্যমূল্য কমানো এবং সিলিন্ডার গ্যাসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

দ্রুত সময়ের মধ্যে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আনলে ও সিলিন্ডার গ্যাসের মূল্য পুনর্বিবেচনা না করা হলে দেশব্যাপী নারীদের অংশগ্রহণ আরও জোরদার করার হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top