‘শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিনই দেশকে অস্থিতিশীলের চেষ্টা করবেন’

বরিশাল জার্নাল ডেস্ক

শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। সরকার এসব অপচেষ্টা প্রতিহত করবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন জাহেদ উর রহমান।
প্রধানন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘দেশ অস্থিতিশীলের চেষ্টা এখন নয় বা ডিসেম্বর পর্যন্ত সীমাবদ্ধ না। এই ডিসেম্বরের পরেও আবার কোনো না কোনো সময় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হতে পারে।’
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে এসব অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে কি না-এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘উনাকে (শেখ হাসিনা) হাজার হাজার লাখ লাখ লোক নিয়ে পালিয়ে যেতে হয়েছে। উনি যত দিন বেঁচে আছেন, উনার এই চেষ্টা চলবে বলে আমরা মনে করি। সরকার এই অপচেষ্টা প্রতিহত করবে।’
শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে আগেভাগেই নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে জাহেদ উর রহমান শ্রমিকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।

তিনি জানান, পোশাক শ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পর পর পর্যালোচনা করা হয়।
২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ঘটনার সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতার কথা বলেছেন বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি মনে করেন, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও তাদের কাছে থাকা বিপুল অর্থ ব্যয় করে বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টির চেষ্টা থাকতে পারে।

স্টার নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top